গাজীপুরের শ্রীপুরে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মায়ারানি রবিদাস (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানা পুলিশের একটি দল উপজেলার মালিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মায়ারানির বসতঘর থেকে এই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মায়ারানি ওই এলাকার মৃত সৈয়া রবিদাসের স্ত্রী।
এ ঘটনায় গতকাল শুক্রবার শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

