পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার সকালের মধ্যে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পিরতলা ও আঙ্গারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ কুকুরের আক্রমণের শিকার হয়ে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদনান এবং নজরুল ইসলামসহ অন্তত ১০ জন রয়েছে। স্থানীয়রা দ্রুত এই পাগলা কুকুরটি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে পর্যাপ্ত র্যাবিস ভ্যাকসিন (জলাতঙ্কের টিকা) মজুত রয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন