ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বাঁধের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৫৫ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে স্থানীয়রা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হোসেন খাঁ, সুরত আলীসহ অনেকে। বক্তারা বলেন, দুধকুমার নদ প্রতি বছর ভাঙনের মাধ্যমে বসতভিটা, স্থাপনা, বাগান ও ফসলি জমি বিলীন করে দিচ্ছে। এতে স্থানীয় মানুষ নিঃস্ব হয়ে পড়ছে এবং দারিদ্র্য বাড়ছে। তারা আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভাঙনের কারণে এলাকার ভৌগোলিক মানচিত্রও পরিবর্তিত হয়েছে। ভাঙন রোধে কিছু এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও নদীর আগ্রাসন থামানো যাচ্ছে না।