ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩৬ এএম

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দলে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে মানিকগঞ্জে বিদ্যুৎস্পর্শে ফয়সাল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশন-সংলগ্ন একটি আমগাছে পতাকা টানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনেরই একজন কর্মরত কর্মচারী ছিলেন।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তানজিলুর ফারগানি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে ফিলিং স্টেশনের ভেতরের একটি আমগাছে পতাকা বাঁধতে উঠেছিলেন ফয়সাল। এ সময় অসাবধানতাবশত গাছের একদম পাশ দিয়ে চলে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন তিনি। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রিয় দলের পতাকা ওড়ানোর আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্ত শেষে অপমৃত্যুর মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।