ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সুবর্ণচরে এক রাতে ৬ ঘরে সিঁধ কেটে চুরি, সর্বস্ব লুট

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩৭ এএম

নোয়াখালীর সুবর্ণচরে এক রাতে অন্তত ছয়টি বসতঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে। একের পর এক এমন চুরির ঘটনায় পুরো এলাকায় এখন চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

গত বুধবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের মধ্যে চরকাজী মোখলেছ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহেনা আক্তারও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে চোরের দল শিক্ষক রাহেনা আক্তারের বসতঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে। এরপর ঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি নাকফুল ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। একই রাতে ওই গ্রামের আরও পাঁচটি বসতবাড়িতে একইভাবে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগীরা জানান, রাতের কোনো এক সময় পরিবারের সবার অজান্তে চোরেরা ঘরে ঢুকে এই কা- ঘটায়। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে সিঁধ কাটা ও মালামাল ওলটপালট দেখে তারা চুরির বিষয়টি টের পান।

একই রাতে এতগুলো বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়েও এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এলাকায় রাতের বেলা পুলিশি টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে চুরির ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।