খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ২০৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ২৮ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম, শান্তিপ্রিয় চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

