ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

৬ মাসে ৩৫ এইডস রোগী শনাক্ত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:২৩ এএম

যশোর জেলায় এইচআইভি (এইডস) সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৬ মাসে নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ জন মৃত্যুবরণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনাক্ত রোগীদের মধ্যে ৮ জন প্রবাসফেরত, ৫ জন কলেজ শিক্ষার্থী, ১০ জন সমকামী এবং ৬ জন অন্যান্য শ্রেণির বলে জানানো হয়েছে। গত বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক ওরিয়েন্টেশন শেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি এ তথ্য জানান।

ওরিয়েন্টেশনে ডা. একেএম রাফিদ হোসেন বলেন, যশোরে এইচআইভি সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জেলাটিকে ইতোমধ্যে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, তরুণ প্রজন্ম ও প্রবাসীদের মধ্যে সংক্রমণ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা এবং এইচআইভি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা এ্যানিসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

বক্তারা বলেন, এইচআইভি আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য দূর করা এবং মানবাধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সঠিক তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা মত দেন। ওরিয়েন্টেশনে ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।