‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ‘ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব’ এ মেলার আয়োজন করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পের মান বিচার করে সেরা তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া পরিবেশ সংরক্ষণের ওপর একটি বিশেষ সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। মেলায় ১২টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

