চট্টগ্রামগামী একটি ট্রেনে ধূমপান করতে গিয়ে বাধার মুখে পড়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। ধূমপান নিষিদ্ধ হওয়ায় দায়িত্বরত রেলকর্মী তাকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাগবিত-া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটির একটি কেবিনের সামনে ইদ্রিস মিয়া ধূমপান করার চেষ্টা করলে দায়িত্বরত কন্ডাক্টর বা গার্ড তাকে বাধা দেন। ভিডিওতে দেখা যায়, রেলকর্মী তাকে স্পষ্টভাবে বলছেন, ‘আপনি আমার ট্রেনে বিড়ি খেতে পারবেন না।’ জবাবে ইদ্রিস মিয়া ধূমপান নিষিদ্ধের বিষয়টি জানেন বলে উল্লেখ করেন। এর পরই দুজনের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে ইদ্রিস মিয়া ক্ষুব্ধ হয়ে বলেন, ‘সিগারেট খাব, প্রয়োজনে জরিমানা করেন।’ এ সময় আশপাশের যাত্রীদের মধ্যে অস্বস্তি দেখা দেয়।
বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনের ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দ-নীয় অপরাধ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং অগ্নিকা-ের ঝুঁকি এড়াতে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হয়।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, চট্টলা এক্সপ্রেসে ধূমপানকে কেন্দ্র করে ওই যাত্রীর সঙ্গে রেলকর্মীর বাগবিত-ার বিষয়টি তারা অবগত হয়েছেন। প্রচলিত আইন অনুযায়ী ট্রেনের ভেতরে ধূমপান করলে বা আইন অমান্য করলে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ার পূর্ণ সুযোগ রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার বক্তব্য জানতে তার মুঠোফোনে কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

