ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৩৫ এএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মাহদী হাসান গত বুধবার তার ওপর হওয়া একটি হামলাচেষ্টার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দিতে যান। কাজ শেষে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণেই হামলাকারীরা তার গতি রোধ করে এবং অতর্কিত মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা থামেনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সংগঠনের জেলা শাখার সংগঠক আলমগীর হাসান আবিদ অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরেই ছাত্রদলের নেতাকর্মীরা মাহদীর ওপর হামলার চেষ্টা করে আসছিল। বুধবারের ঘটনার ফুটেজ নিয়ে আবেদন করতে যাওয়াই ছিল তাদের অপরাধ। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি শায়স্তাগঞ্জ থানায় একটি ঘটনায় মাহদী হাসানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং একপর্যায়ে তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পেয়ে সাম্প্রতিক এই হামলার ঘটনায় বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে।