ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বৃদ্ধের আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৪১ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ওয়াহেদ আলী (৬৭) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলার রামশালা হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী ওই এলাকার মৃত জইফ উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওয়াহেদ আলী মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাকে চিকিৎসাও করিয়েছেন। তবে চিকিৎসার পরও তার মানসিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে জানা গেছে। পাশাপাশি তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পরিবারের অগোচরে নিজ বাড়ির শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে তিনি আত্মহত্যা করেন। ঘটনার সময় ঘরে অন্য কেউ উপস্থিত ছিলেন না। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।