ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তরুণের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৪৮ এএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রামহরি বৈষ্ণব (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার এই দুর্ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নগরের লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দোকানের জানালায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলের পতাকা টাঙানোর চেষ্টা করছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজই তার সৎকার সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।