বাগেরহাটের ফকিরহাটে কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকা-ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নিহতের ছোট ভাই হাফিজুর রহমান মোড়ল লিখিত বক্তব্যে জানান, ৯ জুন রাতে আড়পাড়া থেকে ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বাদল মোড়লকে হত্যা করে এবং আব্দুল্লাহ মোড়লকে গুরুতর আহত করে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও পাঁচ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। হাফিজুর রহমান স্থানীয় কিছু জামায়াত নেতার কর্মকা-ে সন্দেহের কথা উল্লেখ করেন এবং মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টার নিন্দা জানান।

