রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির স্বাদ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খাবারটি খাওয়ার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘দারুণ মজা!’। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান রুমন কালাই হাউস পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি কালাই রুটি তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন এবং আগ্রহ নিয়ে নিজের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকটি সেলফিও তোলেন তিনি। পরিদর্শনের সময় কালাই রুটির পাশাপাশি বেগুনভর্তা ও রাজহাঁসের মাংস তৈরির প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুনভর্তা দিয়ে খাবারে অংশ নেন। খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার সমন্বয় তার কাছে ছিল ব্যতিক্রমী ও সুস্বাদু।
রাষ্ট্রদূতের সফরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তাকে একনজর দেখতে এবং ছবি তুলতে রুমন কালাই হাউসের সামনে অনেক মানুষ জড়ো হন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরের মাধ্যমে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির পরিচিতি আন্তর্জাতিক পরিসরে আরও বাড়বে।

