ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দুই মাসে ৫ হত্যাকাণ্ড 

হাসানুজ্জামান হাসান, কালীগঞ্জ (লালমনিরহাট)
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:১২ এএম

লালমনিরহাটে গত দুই মাসে পাঁচটি পৃথক হত্যাকা-ের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে শুধু আদিতমারী উপজেলাতেই তিন সপ্তাহের ব্যবধানে চারটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা-সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

গত দুই মাসে সংঘটিত আলোচিত পাঁচ হত্যাকা-ের মধ্যে সর্বশেষ ঘটনায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভুট্টাখেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নন্দিনী রানী (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। নিখোঁজের ঘটনায় আগের দিন সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ না করার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে ক্লোজ করা হয়েছে। এর আগে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত উজ্জ্বল মিয়া (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২ জুন হামলার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ৯ জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

গত ৯ জুন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদে স্থানীয়রা টানা দুই দিন মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর আগে গত ২৩ মে ঈদ উদযাপন করতে বাবার বাড়িতে আসা বিধবা নারী স্বপ্না বেগমের (৫০) বিবস্ত্র মরদেহ আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া গত ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার তেলিপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সুমন (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিচার দাবিতে ২০ এপ্রিল এলাকাবাসী মানববন্ধন করেন। সব মিলিয়ে গত দুই মাসে জেলার পাঁচটি পৃথক হত্যাকা-ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি ঘটনাই ঘটেছে আদিতমারী উপজেলায়।

স্থানীয়দের অভিযোগ, মাদক, সুদের লেনদেন ও জমি-সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যাকে কেন্দ্র করেই এসব হত্যাকা- ঘটছে। একের পর এক হত্যাকা-ের ঘটনায় তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, এসব ঘটনা মূলত জমি ও পারিবারিক বিরোধের জেরে ঘটছে। এর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সরাসরি সম্পর্ক নেই।