গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ডেসম্যান কারখানায় সরবরাহকৃত পানি পান করে প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। কিছুক্ষণ পরই একে একে অনেক শ্রমিক বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও দুর্বলতার মতো উপসর্গে আক্রান্ত হন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থদের অধিকাংশই বমি ও পেটের সমস্যাজনিত উপসর্গ নিয়ে ভর্তি হন। চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘অসুস্থ শ্রমিকদের অধিকাংশই বমি ও পেটের সমস্যাজনিত উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে এবং বেশিরভাগই শঙ্কামুক্ত।’ এ ঘটনায় কারখানাটিতে শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

