বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার তে-মাথা সংলগ্ন দুটি দই উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি এবং পণ্যের গায়ে বিএসটিআই লোগো ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে রোববার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাশ দই ভান্ডার ও জয় দই ঘরে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ সময় অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে দই উৎপাদনের দায়ে পলাশ দই ভান্ডারের মালিক পলাশ চন্দ্র ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উৎপাদিত দইয়ের পাত্রে বাধ্যতামূলক বিএসটিআই লোগো ব্যবহার না করায় জয় দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

