কুমিল্লা বিশ^বিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী নাশতা করতে গিয়ে খাবারের মধ্যে পোকা দেখতে পান। এই ঘটনায় ক্যাফেটারিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী নাদিম জানান, বেলা ১১টার দিকে ক্যাফেটারিয়ায় খাবার খাওয়ার সময় পরিবেশিত সবজিতে পোকা দেখতে পান। এ দৃশ্য দেখার পর ওই শিক্ষার্থীসহ তার সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিষয়টি ক্যাফেটারিয়া ম্যানেজারকে জানান।
প্রত্যক্ষদর্শী একই বিভাগের শিক্ষার্থী ইমন আহমেদ ইয়ামিন বলেন, আমি এবং আমার জুনিয়র নাদিম একই খাবার অর্ডার করেছিলাম। খাবারের মধ্যে পোকা দেখে আমরা ভীষণ বিব্রত বোধ করি। বিষয়টি নিয়ে ক্যাশ ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে চুপ করে থাকেন। এমন অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের জন্য হতাশাজনক।
দীর্ঘদিন ধরেই বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়া নিয়ে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। খাবার ও টেবিল-চেয়ারের পরিচ্ছন্নতার অভাব এবং নি¤œমানের ব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা প্রায়ই অসন্তোষ প্রকাশ করে আসছেন। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে এখানে খেলেও স্বাস্থ্যকর পরিবেশ না থাকায় অনেকেই এর বাইরে খেতে পছন্দ করেন।
এ বিষয়ে ক্যাফেটারিয়া ম্যানেজার সুমা আক্তার নিজের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘খাবারে পোকাটি বরবটির ভেতর থেকে আসায় তা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল। আমরা দুঃখিত। ভবিষ্যতে পোকা আসার সম্ভাবনা রয়েছে এমন সবজি আর রাখা হবে না।’
বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, আমি বিষয়টি জানার পরপরই ক্যাফেটারিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তারা পোকা পাওয়ার ঘটনাটি স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দিয়েছেন।

