ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:৩২ এএম

দেশের নন্দিত অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা; তবে মাঝে মাঝে তিনি গানও করেন। তার কণ্ঠে প্রকাশিত বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক গানও রয়েছে। এবার তিনি বর্ষার সময়কে প্রাধান্য দিয়ে একটি নতুন গান করতে যাচ্ছেন। গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানটি আজ থেকে কয়েক বছর আগের লেখা। আগামী কিছুদিনের মধ্যে গানটির সংগীতায়োজনের কাজ শেষে ঈশিতা গানটিতে ভয়েজ দেবেন বলে জানান।

ঈশিতা বলেন, ‘মন খারাপের এই দিনে-গানটির কথা ও সুর যেদিন প্রথম শুনি আমার ভীষণ ভালো লেগে যায়। যেহেতু গানটি আগেই অভি ভাইয়ের লেখা ও সুর করা ছিল, যে কারণে তার কাছে গানটি গাওয়ার ইচ্ছে প্রকাশ করি। কিছুদিনের মধ্যেই গানটিতে ভয়েজ দিব। ইচ্ছে আছে টাঙ্গুয়ার হাওরে ভিডিও করার যাতে গানটির কথা ও সুরের সেঙ্গ ভিডিওর সমন্বয়টা সুন্দর হয়।’

ঈশিতার কণ্ঠে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘সব চাওয়াতো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’, ‘আমার অভিমান’, ‘রাত নিঝুম’ ইত্যাদি।