ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

র‌্যাবের হুঁশিয়ারি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা ঝুঁঁকি নেবে তারা ঝুঁঁকিতে পড়বে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:২১ এএম

আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বেÑ এমনটাই বলেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নাঈমুল হাসান। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তার’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তার সংক্রান্ত তথ্য জানিয়ে নাঈমুল হাসান বলেন, গত ১৭ জুন ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ অ্যাসল্ট মামলার আসামি ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান ‘কিশোর গ্যাং’ লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় ২০ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী সোহেল ওরফে ‘মাওরা’ সোহেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। ‘মাওরা’ সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, ‘মাওরা গ্রুপ’র প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

তিনি বলেন, একইদিন মধ্যরাতে র‌্যাব-২ আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোডসংলগ্ন মেট্রো হাউজিং এলাকা থেকে অন্য দুই ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মো. রাসেলকে (২৩) দুটি সামুরাই এবং একটি চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করে। ‘মাওরা’ সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪টি মামলা এবং দুটি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এ ছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি করে মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটি কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি মেসেজ দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করব।