দেশের শিক্ষাব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে। পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা নতুন কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং দেশের প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
গতকাল রোববার ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ‘প্রাইমারি কারিকুলাম ডেভেলপমেন্ট: গাইডিং প্রিন্সিপালস ফর টেক্সটবুক, টিচার গাইড, রেমেডিয়াল গাইড অ্যান্ড ভিডিও লেসন ডিজাইন ফর ডিপিই, এনএপিই, এনসিটিবি অ্যান্ড কারিকুলাম পার্টনার্স’ মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৮ সালের কারিকুলাম সংস্কারের যাত্রা আজ (গতকাল) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। নতুন কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাস্তব শেখার সক্ষমতা, পাঠদক্ষতা, গণিত দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে’।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, গণসাক্ষরতা অভিযান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

