ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

শিল্পঋণ সহজ করতে উচ্চপর্যায়ের কমিটি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:১৬ এএম

রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানার ইজারা গ্রহীতা এবং সরকারি জমিতে স্থাপিত বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণপ্রাপ্তি সহজ করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি দীর্ঘদিন ধরে বিদ্যমান অর্থায়ন জটিলতা নিরসনে প্রণয়ন করবে নীতিগত সুপারিশ। কমিটির সভাপতি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অন্য সদস্যরা হলেনÑ প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

এই কমিটি অর্থায়ন জটিলতা নিরসনে বিদ্যমান বাধা চিহ্নিত করে সুপারিশ দেবে। পাশাপাশি সরকারি জমিতে বাস্তবায়িত শিল্প প্রকল্পে অর্থায়ন সহজ করতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড অথবা বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড থেকে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশও করবে।

নীতিমালা অনুযায়ী, এই তহবিলের আওতায় একটি কোম্পানি সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধন ঋণ নিতে পারবে। গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ, যেখানে বর্তমান সাধারণ সুদ ১৪ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে ব্যাংকগুলোকে এই অর্থ সরবরাহ করবে। এদিকে, শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে ২০ হাজার কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।