ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

দিঠির কণ্ঠে ‘রবি ঠাকুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:৩২ এএম

কিছুদিন আগেই যাত্রা শুরু করেছে নন্দিত সংগীতশিল্পী, উপস্থাপিকা, দিঠি আনোয়ারের নিজের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’। এরই মধ্যে এই চ্যানেলে তার কণ্ঠে দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। একটি ‘মেঘলা আকাশ’ ও অন্যটি ‘জন্মের পরে’। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেল দিঠির কণ্ঠে আরও একটি মৌলিক গান ‘রবি ঠাকুর’। সবগুলো গানেরই গীতিকার দিঠির বাবা প্রয়াত দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাবার অপ্রকাশিত গানগুলো দিঠি তার কণ্ঠে শ্রোতাদের উপহার দিচ্ছেন।

নতুন গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুর লেখা জীবনের শেষ কয়েকটি গান আমার গাইবার সৌভাগ্য হচ্ছে। রবি ঠাকুর গানটি তার মধ্যে অন্যতম। এই গানটি এর আগে বিটিভিতে গেয়েছিলাম। গানটি প্রচার হওয়ার পর বেশ সাড়া পেয়েছিলাম। এখন নতুন করে আমার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেল। আশা করছি, আব্বুর লেখা এই গানটি যুগের পর যুগ শ্রোতাদের মাঝে বেঁচে থাকবে।’

দিঠির একক অ্যালবামগুলো হচ্ছে ‘পোড়াচোখ’, ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’ এবং ‘একালের গান সেকালের গান’।