ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

অশ্রুভেজা ষোলো বছর

প্রভার সাহসে আজ উত্তাল সাগর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:৩৩ এএম

সময়টা ২০১০ সাল। দেশের ছোট পর্দার শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাদিয়া জাহান প্রভা। ঠিক সেই সময়েই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ব্যক্তিগত ভিডিও। এরপর ওলটপালট হয়ে যায় এই অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবন। দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও সেই পুরোনো ঘটনার রেশ ধরে আজও তাকে প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে নির্মম অনলাইন ট্রল, কটূক্তি ও সাইবার বুলিং।

এতদিন এই নিষ্ঠুরতা নিয়ে সম্পূর্ণ নীরব থাকলেও এবার নিজের ভেতরের জমে থাকা ক্ষোভ ও যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি সমাজকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন।

দীর্ঘ ১৬ বছর। একটি মানুষের জীবনের সোনালি সময়গুলো যেখানে অনাবিল আনন্দে কাটার কথা ছিল, সেখানে অনবরত ট্রল, কটূক্তি আর সাইবার বুলিংয়ের শিকার হয়ে কেটেছে প্রভার। এক যুগেরও বেশি সময় ধরে মুখ বুজে সহ্য করা সেই মানসিক যন্ত্রণার অবসান ঘটিয়ে সম্প্রতি এক বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। আর তার এই প্রতিবাদের পরই নড়েচড়ে বসেছে দেশের শোবিজ অঙ্গন। এতদিন নীরব থাকা প্রভার সহকর্মী ও পরিচালকেরা এবার একযোগে সোচ্চার হয়েছেন অপরাধীর শাস্তির দাবিতে।

সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত প্রায় ৮ মিনিটের এক ভিডিও বার্তায় প্রভা হাজির হন এক নতুন রূপে। সেখানে কোনো লুকোছাপা না করেই তিনি আক্রমণ করেন বুলিংকারীদের মনস্তত্ত্বকে। প্রভা বলেন, আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের কোয়ালিফিকেশনে সবকিছুর প্রতি ইনসিকিউরিটি থাকার জন্যই মানুষকে আক্রমণ করেন।

তিনি স্পষ্ট করে দেন যে, সমাজে প্রচলিত ভুক্তভোগীকেই দোষারোপ করার নোংরা সংস্কৃতি কীভাবে একজন মানুষের জীবন বিষিয়ে তোলে। এতদিন চুপ থাকলেও নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এবার তিনি সত্যটা সবার সামনে এনেছেন।

প্রভার এই আবেগঘন ও যৌক্তিক প্রতিবাদের পর তার পাশে এসে দাঁড়িয়েছেন সহকর্মীরা। তাদের মূল প্রশ্নÑ এত বড় সাইবার অপরাধের পরও মূল অভিযুক্ত রাজিব হাসানের কোনো বিচার হলো না কেন?

২০১০ সালের সেই অনাকাক্সিক্ষত ভিডিও ফাঁসের ঘটনাটি প্রভার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু তিনি দমে যাননি, অভিনয়ের মাধ্যমে বারবার পর্দায় ফিরেছেন। তবে ভার্চুয়াল জগতের সাইবার অপরাধীরা প্রতিনিয়ত তার প্রতিটি পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে মানসিক হেনস্তা করে আসছিল।

১৬ বছর পর প্রভার এই সাহসী পদক্ষেপ ও শোবিজের একাত্মতা কেবল প্রভার নিজের জন্য নয়, বরং ইন্টারনেটে নারীদের নিরাপত্তা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। বিনোদনপাড়ার সবার এখন একটাই দাবিÑ অপরাধী যখনই অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো নারীর জীবন এভাবে ট্রলের হাত ধরে ধ্বংসের মুখে না পড়ে।

প্রভা অভিনীত বর্তমানে নির্মাণাধীন রয়েছে সরকারি অনুদানের দুই সিনেমা ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। চলতি বছরই সিনেমা দুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। বিয়ের কিছুদিন পরই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হলে ভেঙে যায় অপূর্ব প্রভার সংসার। এরপর থেকেই কটাক্ষের শিকার এই অভিনেত্রী। অবশেষে কুয়াশা মাখানো অতীত পেরিয়ে ১৬ বসন্তের গোপন ক্ষত সামনে আনলেন প্রভা।