পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার চেক তুলে দেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং ৩ জন আহত ব্যক্তি এই সহায়তা পেয়েছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

