ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৩ এএম

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৬ জন বিশিষ্ট লেখককে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি।

এবার দুই বছরের পুরস্কার একসঙ্গে ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের জন্য কবিতায়Ñ রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুলকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের জন্য কবিতায়Ñ জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাটকে মোস্তফা কামাল যাত্রাকে পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে।

একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি বলেন, ‘পুরস্কার প্রদানের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, দেশবরেণ্য লেখক ও গুণীজনদের উপস্থিতিতে আমরা খুব দ্রুতই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুড়িবোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারি প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এর আগে দেশের অনেক গুণীজনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে।