বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জের ধরে জার্মান জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছেড়েছেন ইউলিয়ান নাগেলসম্যান। যদিও জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে দেশটির প্রভাবশালী গণমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানি জানিয়েছে, ফেডারেশনের অনুরোধে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ৩৮ বছর বয়সি এই কোচ। এই খবরের মধ্যেই চারদিকে শুরু হয়েছে গুঞ্জনÑ কে হচ্ছেন জার্মানির নতুন কোচ?
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ফ্রাংকফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার একটি বৈঠকে নাগেলসম্যানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সেখানেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। গণমাধ্যমের দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়তে সম্মত হওয়ায় তাকে প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে, যা তার এক বছরের বেতনের সমান।
২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়া নাগেলসম্যানের সঙ্গে ২০২৮ সালের ইউরো পর্যন্ত চুক্তি ছিল, কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার কারণে দুই বছর বাকি থাকতেই তার অধ্যায়ের ইতি ঘটল।
চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত সময়ের লড়াই শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ভাগ্য সঙ্গ দেয়নি জার্মানদের। এর মধ্য দিয়ে ২০১৮ ও ২০২২ সালের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর টানা তৃতীয় বিশ্বকাপেও ব্যর্থতার তিক্ত স্বাদ পেল ইউরোপের অন্যতম সফল দলটি। সবশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জিতেছিল জার্মানি।
বিশ্বকাপের নকআউট পর্বে গত চার দশকের মধ্যে সবচেয়ে কম বয়সি কোচ ছিলেন নাগেলসম্যান। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর অবশ্য তিনি বলেছিলেন, শুধু বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কারণে পদত্যাগ করার মানুষ তিনি নন। তবে শেষ পর্যন্ত ফেডারেশনের সিদ্ধান্তের কাছেই নতি স্বীকার করতে হয়েছে তাকে।
নাগেলসম্যানের বিদায়ের পরই জার্মানির নতুন কোচ কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিভারপুলের সাবেক সফল কোচ ইয়ুর্গেন ক্লপ। জার্মান গণমাধ্যমের দাবি, ডিএফবিরও প্রথম পছন্দ তিনিই।
২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর বর্তমানে রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লপ। তার অধীনে লিভারপুল প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল। চলমান বিশ্বকাপেও তিনি টেলিভিশন বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
পদত্যাগের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে নাগেলসম্যান হবেন জার্মান ফুটবল ইতিহাসে বরখাস্ত বা দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়া দ্বিতীয় জাতীয় দলের কোচ। এর আগে ২০২৩ সালে একই পরিণতি হয়েছিল হ্যান্সি ফ্লিকের।

