ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ব্রাজিল কিংবদন্তি ভাভার ৬৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন মেসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:১৭ এএম
ছবি: সংগৃহীত

আরও একটি অনন্য রেকর্ড নিজের নামের পাশে যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার মিয়ামিতে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে তিনি স্পর্শ করেন দীর্ঘ ৬৪ বছর আগের এক ঐতিহাসিক কীর্তি।

এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে টানা পঞ্চম নকআউট ম্যাচে জালের দেখা পেলেন মেসি। তার এই ধারাবাহিকতা শুরু হয়েছিল আগের বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে সেই বিশ্বকাপ শেষ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

৩৯ বছর বয়সী মেসি এবার সমতা টানলেন ব্রাজিলের কিংবদন্তি ভাভার রেকর্ডে, যিনি সর্বশেষ ১৯৬২ সালের বিশ্বকাপে টানা পাঁচটি নকআউট ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন। এই বিশেষ তালিকায় আরও রয়েছেন ব্রাজিলের লিওনিদাস ও হাঙ্গেরির জর্জি সারোসি। তারা ১৯৩৪ থেকে ১৯৩৮ সালের মধ্যবর্তী সময়ে একই ধরনের সাফল্য অর্জন করেছিলেন।

শুধু তাই নয়, নিজের আরেকটি রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন মেসি। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার নজির এখন এককভাবেই তার দখলে।

সাবেক বার্সেলোনা তারকা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি গোল করেছেন। ফলে গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের চেয়ে এগিয়ে রয়েছেন।