বল দখলে আলজেরিয়া এগিয়ে থাকলেও কাজের কাজ তথা গোল করায় জাদু দেখিয়েছে সুইজারল্যান্ড। রিয়াদ মাহরেজদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে দাপুটে জয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মুরাত ইয়াকিনের দল। ভ্যাংকুভারে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকালে শেষ ৩২-এর মহালড়াইয়ে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইসরা। দুই অর্ধে ২ গোল করে আলজেরিয়ানদের বিদায়ঘণ্টা বাজিয়ে দেন এমবোলো ও দান এনদোয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। ষষ্ঠ মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করে আলজেরিয়া। তবে সুইসরা গোল পেতে একদমই বেশি সময় নেয়নি। একাদশ মিনিটে মাঝমাঠ থেকে জোহান মানজাম্বির চমৎকার পায়ের কারিকুরি আর গতির ঝড়ে পরাস্ত হয় আলজেরিয়ার রক্ষণ। বাইলাইন থেকে তার নিখুঁত কাটব্যাকে প্রতিপক্ষ ডিফেন্ডার রায়ান আইত নুরির চ্যালেঞ্জ এড়িয়ে বল জালে জড়ান বাগাইল এমবোলো। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইজারল্যান্ড।
বিরতি থেকে ফিরেই আলজেরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় চোখধাঁধানো এক শটে ব্যবধান দ্বিগুণ করেন দান এনদোয়ে। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচজুড়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় আলজেরিয়া। ৫০তম মিনিটে রিয়াদ মাহরেজের একটি বিপজ্জনক শট দুর্দান্তভাবে রুখে দেন সুইস ডিফেন্ডার। আর ৮১তম মিনিটে আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদান অবিশ্বাস্য এক ডাবল সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ২-০ গোলের অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে মুরাত ইয়াকিনের শিষ্যরা। আগামী ৭ জুলাই এই ভ্যাংকুভারেই শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে কলম্বিয়া কিংবা ঘানার মুখোমুখি হবে উড়তে থাকা সুইজারল্যান্ড।

