ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

কাভার্ডভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৮ এএম

মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে চাচি ও ভাতিজি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয়াখ- ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত রিমি বেগম খায়রুল মাদবরের স্ত্রী এবং আয়শা আক্তার হারুন মাদবরের মেয়ে। তারা সম্পর্কে চাচি-ভাতিজি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে পরিবারের সদস্যরা নিকটাত্মীয়ের একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। মোড়লকান্দি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়লে সাত যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমি বেগম ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভ্যানচালক লিটন ও আয়শার মা মাহিমা আক্তারসহ পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।