নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ৩ নম্বর ইন্টারসেকশনের নিচে একটি আমবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সাপাহার থেকে প্রচুর পরিমাণ আম নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। পথে রূপগঞ্জের ৩০০ ফিট সড়ক অতিক্রম করার সময় চালক ঘুমিয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং আমগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

