ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৩ এএম

ময়মনসিংহের ফুলপুরে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নেতার নাম বিজয় পাল প্রলয় (২১)। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রলয় ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করে লেখেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’ এ ছাড়া তার ফেসবুকে মানসিক কষ্টের ইঙ্গিতবাহী আরও কিছু পোস্ট ছিল।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রলয়কে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে। প্রলয়ের ফেসবুক স্ট্যাটাসগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। প্রলয়ের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।