ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৮ এএম

রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আমের অন্যায্য ‘ঢলতা’ প্রথা বাতিল, চাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং ও সংরক্ষণাগার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল এই কর্মসূচি পালন করেন।

আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রচলিত ‘ঢলতা’ প্রথার (ওজনে আড়তদারদের বাড়তি আম দেওয়ার অন্যায্য নিয়ম) কারণে সাধারণ কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চরম শোষণের শিকার হচ্ছেন। বাজারে আড়তদারদের চাপিয়ে দেওয়া এই জুলুমের নিয়ম অবিলম্বে সরকারিভাবে নিষিদ্ধ করে একটি স্বচ্ছ ও যুগোপযোগী বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে রেকর্ড পরিমাণ আম উৎপাদিত হলেও তা দীর্ঘমেয়াদে সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের কোনো সরকারি আধুনিক ব্যবস্থা নেই। ফলে মৌসুমের শেষ দিকে চাষিদের বাধ্য হয়ে নামমাত্র মূল্যে আম বিক্রি করে লোকসান গুনতে হয়। এই সংকট দূর করতে রাজশাহীতে জরুরি ভিত্তিতে একটি বিশ্বমানের আম প্রসেসিং সেন্টার স্থাপন এখন সময়ের দাবি।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে ঘোষণা করা হয়, আমচাষিদের অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগী আমচাষিরা।