জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও আকস্মিক বন্যা বাংলাদেশের কৃষি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ধানের তাপ-সহনশীলতা এবং অক্সিজেনবিহীন (অ্যানারোবিক) পরিবেশে অঙ্কুরোদ্গম সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি অগ্রাধিকারভিত্তিক গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এ উপলক্ষে গতকল মঙ্গলবার গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ কমপ্লেক্সে প্রকল্প দুটির প্রারম্ভিক ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রি এবং যুক্তরাষ্ট্র সরকারের ‘ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস’ (ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস)-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের এইচ. এম. বিচেল রাইস চেয়ার অধ্যাপক ড. মাইকেল থমসন এবং রাইস জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স বিভাগের অধ্যাপক ড. এনডাং সেপিটিংসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোন্দকার মো. ইফতেখারউদ্দৌলা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এখলাছুর রহমান।
কর্মশালায় ‘সিরিয়ালস ল্যাব-ব্রি ধানের তাপ-সহনশীলতা’ এবং ‘সিরিয়ালস ল্যাব-ব্রি অ্যানারোবিক জার্মিনেশন’ প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও বর্তমান অগ্রগতি তুলে ধরা হয়। ব্রির বিজ্ঞানীরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে দেশের ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তাপ-সহনশীল এবং বন্যা-সহিষ্ণু ধানের নতুন জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন