‘বিদায় পৃথিবী, সুখে থেকো’Ñ ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়ে যশোরের এক সাংবাদিক আত্মহত্যা করেছেন। নিহত সাংবাদিকের নাম ছাকিন হোসেন (২৭)। তিনি যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার রমজান আলীর ছেলে এবং স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার ছিলেন।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে তিনি জীবনের ইতি টানেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছাকিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিশেষ করে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ঈদের পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার স্ত্রী ঈদের পর বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকে আর ফেরেননি।
ঘটনার দিন দুপুরে তিনি আত্মহত্যার জন্য বিপুল পরিমাণ ঘুমের ট্যাবলেট সেবন করেছিলেন। খবর পেয়ে তার সহকর্মীরা বাড়িতে ছুটে যান এবং সমস্যা সমাধানের জন্য ছাকিন ও তার স্ত্রীর মধ্যে মুঠোফোনে কথা বলিয়ে দেন। সহকর্মী রাব্বী আল আমিন জানান, ঘটনার দিন সন্ধ্যায় ছাকিন অফিসে আসার কথাও বলেছিলেন। কিন্তু তিনি আর অফিসে ফেরেননি, পরবর্তীতে তার আত্মহত্যার খবর পাওয়া যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, স্বজনরা তাকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন।
একজন তরুণ সাংবাদিকের এমন করুণ মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক সংকটের কারণে একজন মানুষের এমন চরম পথ বেছে নেওয়াকে অত্যন্ত দুঃখজনক হিসেবে দেখছেন তার সহকর্মীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন