টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুতের তারের সংস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই গাজীপুরের একটি কারখানার শ্রমিক এবং তারা পিকনিকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার বংশাই নদের ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার বাসিন্দা সাজ্জাদ (২৫)। আহতদের মধ্যে নদী (২৩), রানা (২২), ওয়াহেদ (২০) ও হৃদয় (২০) বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৩০-৩৫ জনের একটি দল নৌকা ভ্রমণে মির্জাপুরের মহেরা জমিদারবাড়ি পিকনিক স্পটে এসেছিলেন। ফেরার পথে বংশাই নদের থলপাড়া এলাকায় পৌঁছালে নৌকাটি নিচু হয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। এতে নৌকায় থাকা ছয়জন যাত্রী তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পর্শ হন এবং ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
কুমুদিনী হাসপাতালের এজিএম আব্দুল হাই জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত আছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন