বরগুনার পাথরঘাটায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকায় ভাঙা বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে কয়েক শতাধিক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেন। ‘ত্রাণ নয়, স্থায়ী সমাধান চাই’Ñ এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সিডরের পর থেকে দীর্ঘ সময় পার হলেও জিনতলা থেকে বাদুরতলা পর্যন্ত এলাকাটি এখনো অরক্ষিত। বারবার বালুর বস্তা ফেলে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি। প্রতি জোয়ারে আতঙ্ক আর বন্যায় ফসলের ক্ষতির ভয়ে দিন কাটছে এখানকার হাজারো মানুষের। সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম ও স্থানীয় নেতারা দ্রুত ব্লক বসিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। এলাকাবাসীর প্রত্যাশা, বরগুনা-২ আসনের সংসদ সদস্যের উদ্যোগে এ সংকট নিরসন হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন