নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের রূপসা শপিং কমপ্লেক্সের সামনে একটি জিপ গাড়ি তল্লাশি করে। গাড়ির পেছনের দরজায় বিশেষভাবে লুকানো ৪১টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও নয়টি মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

