ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউখেত কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষক আলমগীর হোসেনের প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গত বছরের ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন (আবুল হোসেনের ছেলে) জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার লাউখেতে গিয়ে দেখতে পান রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সব গাছের গোড়া কেটে ফেলেছে। গাছগুলো কাটা পড়ায় ফলন্ত খেতটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলমগীর হোসেন জানান, তার এই খেত থেকে একদিন পর পরই ৪ থেকে ৫ হাজার টাকার লাউ বিক্রি হতো, যা দিয়ে তার পরিবারের ব্যয় নির্বাহ হতো। হঠাৎ এমন ধ্বংসলীলায় তিনি এখন দিশাহারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, ঠিক গত বছরও একই জমিতে একইভাবে লাউখেত কেটে দেওয়া হয়েছিল। এবারও পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কৃষকের কষ্টের ফসল নষ্ট করল। পরপর দুবার এমন ঘটনায় এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এটি কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে করা হয়ে থাকতে পারে।
ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় জিডি করেছেন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে। অপরাধী যে-ই হোক, তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ফসল নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন