চট্টগ্রামের সীতাকু-ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার ছোট কুমিরা ও বাইপাস এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত ছয়জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
অপরদিকে, একই দিন সকাল ৮টার দিকে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. ইমন (২০) নামের এক জাহাজভাঙা শ্রমিক নিহত হন। নিহত ইমন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সালামের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ইমনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পৃথক দুটি ঘটনায় থানায় পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন