ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০২ এএম

যশোরে আট মামলার আসামি শরিফুল ইসলাম জিতু (৩৫) দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন। গত বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুমন মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে একদল দুর্বৃত্ত শরিফুল ইসলাম জিতুকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়। তবে পথে ভোরে নড়াইল এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী মাসুম রেজা জানান, গত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় জিতুকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলাম বলেন, নিহত জিতুর বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে মোট আটটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকা- ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির স্ত্রীর ওপর ধর্ষণচেষ্টার সময় জিতুকে কুপিয়ে জখম করা হয়েছেÑ এমন একটি অভিযোগ পুলিশের কাছে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।