ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা

দায়িত্বে অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:১৫ এএম

কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে এক সহকারী অধ্যক্ষকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করে দিনাজপুর শিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ১৯ জুলাই বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই প্রশ্নেই শিক্ষার্থীরা পরীক্ষা দেন। পরে ভুলটি ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ ও অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ঘটনা জানাজানি হলে ইউএনও আরিফুর রহমান কেন্দ্রে দায়িত্বরত তত্ত্বাবধায়ক কর্মকর্তা ফিরোজুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ইউএনও আরিফুর রহমান বলেন, তদন্ত শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী মোর্শেদ বলেন, দায়িত্বে অবহেলার দায়ে তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহকারী অধ্যক্ষকে  কেন্দ্রের দায়িত্ব দিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।