ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফ্যাসিস্ট হাসিনার শাস্তির দাবিতে যশোরে গণসমাবেশের ঘোষণা

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:১৫ এএম

ফাঁসির দন্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই যশোরে গণসমাবেশের ঘোষণা  দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশ  সফল করতে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুলাই শনিবার বিকেল সাড়ে তিনটায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।  গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান বক্তা  থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে মোস্তফা আমির ফয়সাল বলেন, সাত দিন আগে সমাবেশের তারিখ ঘোষণার পর থেকেই জেলা স্বেচ্ছাসেবক দলের সবকটি সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা শেষ করেছে। গণসমাবেশ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সমাবেশটি  জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদ প্রমুখ।