ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাফ নারী ফুটসাল

এবার নেপালকে হারালেন সাবিনারা

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৪৯ এএম

সাফ নারী ফুটসালে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। গতকাল সাবিনা-কৃষ্ণা-লিপির নৈপুণ্যে বাংলাদেশ ৩-০ গোলে হারায় নেপালকে। নেপালের প্রতিরোধ ভাঙেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। একক প্রচেষ্টার গোলে ব্যবধান দ্বিগুণ করলেন কৃষ্ণা রানী সরকার। দারুণ স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পেলেন লিপি আক্তার। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে সোমবার নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে তিন ম্যাচে সাঈদ খোদারাহমির দল ৭ পয়েন্ট নিয়ে ফিরল শিরোপা লড়াইয়ে। ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল।

প্রথমার্ধের ত্রয়োদশ মিনিটে নেপালের প্রতিরোধ ভেঙে এগিয়ে যায় বাংলাদেশ। অনিতার কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা ছোট পাস বাড়ান সাবিনাকে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক। বিরতির আগে কৃষ্ণার একক প্রচেষ্টার গোলে দ্বিগুণ হয় ব্যবধান। সতীর্থের পাস ধরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘নাটমেগ’ করে বেরিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধেও নেপালের রক্ষণে চাপ ধরে রাখা বাংলাদেশ ত্রয়োদশ মিনিটে লিপির গোলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।