× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪৬ এএম

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খেলোয়াড়দের ভোট উৎসব

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪৬ এএম

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে  খেলোয়াড়দের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে গতকাল শামিল হন দেশের তারকা ক্রিকেটার, ফুটবলারসহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা। স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তারা। এই খেলোয়াড়দের বেশির ভাগই জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার আনন্দ উপভোগ করেছেন। অনেক আগে থেকে ভোটার হলেও এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বলে দাবি করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম নগরের ২১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেন এই তারকা ক্রিকেটার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানালেন, জীবনের প্রথমবারের মতো ভোট দিয়েছেন। এজন্য রোমাঞ্চিত তিনি। তার পরিবারের সবাই ভোট দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ভোটকেন্দ্রের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন। সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’ তামিম চট্টগ্রাম-৯ আসনের ভোটার। নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে এ আসন গঠন করা হয়েছে। এই আসনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এ কে এম ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, বাসদের (মার্ক্সবাদী) মো. শফি উদ্দিন কবির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী ও জেএসডির আবদুল মোমেন চৌধুরী।

এদিকে, সন্তানদের সঙ্গে করে নিয়ে সকালেই ভোটকেন্দ্রে যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ঢাকা-৯ আসনে ভোট দিয়েছেন তিনি। ভোট দেওয়ার ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।’ অন্যদিকে, খুলনা-৩ আসনের ভোটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে খুবই আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে যান এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। তাসকিন আহমেদ ঢাকা-১৩ আসনের ভোটার। মোহাম্মদপুরে নিজ বাসার পাশের কেন্দ্রেই ভোট দিতে যান এই তারকা ক্রিকেটার। রংপুরে প্রথমবার ভোট দিলেন যুব বিশ^কাপ জয়ী অধিনায়ক আকবর আলী। অন্যদিকে, নারী ক্রিকেটার রুমানা আহমেদের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। নারী দলের তারকা বোলার মারুফা আক্তার জীবনের প্রথম ভোট দিলেন। ভোট দেওয়ার পর ফেসবুকে ছবি পোস্ট করে মুহূর্তটি স্মৃতির পাতায় রেখে দিলেন এই নারী ক্রিকেটাররা।

অপরদিকে, নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটার জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মণ। সুন্দর পরিবেশ ভোট দিয়েছেন এই তারকা খেলোয়াড়। যারা নির্বাচিত হবেন, তাদের কাছে তপুর চাওয়া হলোÑ নবনির্বাচিত সংসদ সদস্যরা যেন ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য উদ্যোগ নেন। ফরিদপুর-৪ আসনের ভোটার জাতীয় দলের উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন। আর্দশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর মোরসালিন জানান, ‘উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। ভোট দিতে বেশি সময় লাগেনি।’ অপরদিকে হকির হামজাখ্যাত আমিরুল ইসলাম ভোট দিয়েছেন ফরিদপুর-৩ আসনে। এবারই প্রথমবার ভোট দিলেন এই যুব হকি তারকা। তাই তার মধ্যে বাড়তি রোমাঞ্চ কাজ করেছে। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। ঢাকা বিশ^বিদ্যালয়ের এই শিক্ষার্থী এবারই প্রথম ভোট দিয়েছেন। খিলগাঁওয়ের বাসিন্দা নোশিনের ভোট কেন্দ্র খিলগাঁও মডেল স্কুল। দুপুরের দিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নোশিন বলেন, ‘প্রথম সবকিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি তাই একটু রোমাঞ্চিত।’

এদিকে, ভোট দেননি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমারা। নারী ফুটবল লিগে শেষ রাউন্ডের ম্যাচ রয়েছে আজ। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস চ্যাম্পিয়ন হবে। তাই নারী ফুটবলাররা প্রায় সবাই ক্যাম্পে থাকায় ভোট দিতে যাননি। জাতীয় দল ও লিগের বাইরে থাকায় তারকা নারী ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীনরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তাদের চাওয়াÑ যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, তারা যেন ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করে যান।

রূপালী বাংলাদেশ

Link copied!