ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আট মৌসুম পর প্রিমিয়ার থেকে অবনমন উলভারহ্যাম্পটনের

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২১ এএম

সম্ভাব্য ভবিষ্যৎ পরিষ্কার হয়ে গিয়েছিল বেশ আগেই। এবার আনুষ্ঠানিকভাবেও সেই হতাশার দিনটি চলে এলো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে গেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি। প্রিমিয়ার লিগে মঙ্গলবার ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় নিশ্চিত হয়ে যায় উলভারহ্যাম্পটনের অবনমন। পাঁচ ম্যাচ বাকি থেকেই এই নিয়তি মেনে নিতে হলো ওয়েস্ট মিডল্যান্ডসের ক্লাবটিকে। আট মৌসুম পর দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে গেল তারা।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৬ নম্বরে থাকা দলটি মৌসুম শুরু করেছিল ভিতো পেরেইরার কোচিংয়ে। বাজে ফলের কারণে গত নভেম্বরে বরখাস্ত করা হয় পর্তুগিজ কোচকে। দায়িত্ব পান রব এডওয়ার্ডস। কিন্তু ক্লাবের পারফরম্যান্স ও ভাগ্য বদলায়নি। দুঃস্বপ্নের মৌসুমে জানুয়ারির আগে একটি ম্যাচও জিততে পারেনি তারা! প্রথম জয়ের দেখা পেতে ১৯ ম্যাচ লেগে যায় তাদের। এরপর একটু উন্নতি হলেও তা যথেষ্ট হয়নি।

৩৩ ম্যাচে এখনো পর্যন্ত তাদের জয় স্রেফ ৩টি। বাকি ম্যাচগুলোতে ৮ ড্র আর ২২ পরাজয়ে তাদের পয়েন্ট ১৭।
উলভসের অন্তর্বর্তীকালীন নির্বাহী ন্যাথান শি ম্যাচ শেষে বলেছেন যে সমর্থকদের ‘এর চেয়ে ভালো কিছু প্রাপ্য’ এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কমতি রাখবেন না।

‘রেলিগেশন নিশ্চিত হওয়াটা উলভসের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য কঠিন এক মুহূর্ত। যদিও এটি অত্যন্ত হতাশাজনক ফল, ডিসেম্বরে আমার আসার পর থেকেই কাজ চলছিল যাতে আমরা স্পষ্টতা ও দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি।’

‘কোথায় উন্নতি করতে হবে, তা নিয়ে আমরা স্পষ্ট এবং আমাদের মনোযোগ এখন ক্লাবকে শক্তিশালী করা, গতি সঞ্চার করা এবং এমন একটি দল তৈরি করার দিকে, যার ওপর আমাদের সমর্থকরা বিশ্বাস রাখতে পারে। কী প্রয়োজন তা আমরা জানি এবং সামনের মাসগুলোতে আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।