ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ফাইনালের দিন মাঠে থাকবে বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৪১ এএম

ফিফা বিশ্বকাপ  ফুটবলের ফাইনাল ম্যাচ যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন মাঠে থাকবে বাংলাদেশ দলও। তবে ফুটবল খেলতে বা দেখতে নয়, টাইগাররা এদিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়েরই বুলাওয়েতে।

প্রায় চার বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী জুন-জুলাইয়ে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

সর্বশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টিÑ দুই সিরিজেই হারতে হয়েছিল টাইগারদের।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, ‘বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, সব ফরম্যাটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ক্রিকেট হবে।’

আগামী ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুলাওয়েতে যাবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ ফাইনালের দিন। সেদিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। একই দিনে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।