ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। গত মঙ্গলবার রাতে সান মারিনোয় পৌঁঁছে জামাল ভূঁইয়াদের সঙ্গে যুক্ত হন তিনি। এর আগে সামিত সোম ও জায়ান আহমেদও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। সর্বশেষ হামজার যোগ দেওয়ায় ইউরোপ সফরের জন্য বাংলাদেশ দল আরও পূর্ণতা পেল।
আগামীকাল শুক্রবার সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে গত সোমবার সান মারিনোয় পৌঁছায় দল। সেদিনই সতীর্থদের সঙ্গে যোগ দেন সামিত। ভোররাতে পৌঁছে বিকেলে অনুশীলনও করেন জায়ান। দীর্ঘ ভ্রমণের পর সান মারিনোয় পৌঁছে প্রথম দিন রিকভারি সেশন করে বাংলাদেশ। পরদিন পূর্ণাঙ্গ অনুশীলনে নামে দল। তবে দুই দিনে ভিন্ন আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে ফুটবলারদের। সান মারিনো থেকে দলের ম্যানেজার আমের খান জানান, প্রথম দিন অনুশীলনের সময় আবহাওয়া ছিল ঠান্ডা। পরদিন ছিল বেশ গরম, অনেকটা বাংলাদেশের মতো।
সান মারিনো বাংলাদেশের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় বিকেল ৬টায় এবং বাংলাদেশ সময় রাত ১০টায় প্রায় দেড় ঘণ্টার এই অনুশীলন সেশন শুরু করে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবেন জামালরা।
এদিকে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি দীর্ঘ ভ্রমণের ধকলের কথা তুলে ধরেছেন। ঢাকা থেকে আফ্রিকা, সেখান থেকে অপেক্ষার পর ইতালির ফ্লাইট এবং এরপর আরও কয়েক ঘণ্টার পথ পেরিয়ে সান মারিনোয় পৌঁছাতে হয়েছে দলকে। তবে ক্লান্তির মধ্যেও ইউরোপের মাটিতে ম্যাচ খেলার সুযোগ নিয়ে ফুটবলাররা উচ্ছ্বসিত বলে জানিয়েছেন তিনি। ডুলি বলেন, সান মারিনো র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকলেও ইউরোপের দল। তারা ইতালি, জার্মানি ও স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রাখে। তাই ম্যাচটি বাংলাদেশের জন্য সহজ হবে না, তবে নিজেদের প্রস্তুত করতে সব চেষ্টা করছে দল।
ইতালিতে থাকা বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলামের জন্য পরিবেশটা তুলনামূলক পরিচিত। সান মারিনো ইতালির ভেতরে অবস্থিত স্বাধীন ক্ষুদ্র রাষ্ট্র হওয়ায় আবহাওয়া ও সংস্কৃতি সম্পর্কে তার ধারণা আছে। ফাহমিদুল জানান, নিজের অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। ইউরোপে ম্যাচ খেলার সুযোগ নিয়ে পুরো দলই রোমাঞ্চিত এবং জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

