গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এ সময় তারা পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে গত রাতে তারা এই কর্মসূচি ঘোষণা করেন যা আজও অব্যাহত রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পরীক্ষা বর্জনসহ আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, কর্মমুখী শিক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের ন্যায্য মর্যাদা প্রদান।
তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে।
এ বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন