চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে চাতরী চৌমুহনী এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে বিক্ষুব্ধরা চাতরী চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে।
ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত প্রায় ১টা ৪৫ মিনিটে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিপ্লবী ছাত্র-জনতা ও আনোয়ারা উপজেলার এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন, দিদারুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুবশক্তির নেতা আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির নেতা এমদাদুল্লাহ আশিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক শক্তির নেতা সাজ্জাদ হোসাইন, তানভীর, আনোয়ারা উপজেলা জাতীয় যুবশক্তির নেতা জিএম রিয়াজ উদ্দীন, মোহাম্মদ আরমান, আরাফাত, আনিছ প্রমুখ।
বিক্ষোভকারীরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন